ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জটিলতা শেষ হচ্ছে না। একটি সমস্যা নিষ্পত্তির পর আরেকটি সদস্যা দেখা দিচ্ছে। গতকাল সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার কথা থাকলেও সুলতানগঞ্জ ইউনিয়নের তফসিলীকরণের প্রজ্ঞাপন যথাযথভাবে জারি না হওয়ায় তা করা সম্ভব হয়নি। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) মো. জাবেদ আলী জানিয়েছেন, আশা করি খুব তাড়াতাড়ি গেজেটের ভাষাগত ত্রুটি সমাধান হয়ে যাবে। কমিশন চায় একদিনের মধ্যে সমাধান করতে। যদি সোমবারের মধ্যে হয়ে যায় তাহলে আগামীকাল মঙ্গলবার ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এক্ষেত্রে ভোট গ্রহণের তারিখ সাত জুলাই অপরিবর্তীত রাখার সিদ্ধান্ত রয়েছে কমিশনের।
গত বছরের ৯ এপ্রিল ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু ভোটার তালিকা ও ওয়ার্ডের সীমানা বিন্যাস যথাযথভাবে হয়নি—এ অভিযোগে হাইকোর্টে রিট দায়েরের পর সে নির্বাচন স্থগিত হয়ে যায়। রিটটি নিষ্পত্তি হতে সময় গেছে প্রায় এক বছর। আদালতের বাধা অপসারিত হওয়ার পর নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি নেয় কমিশন। কিন্তু সুলতানগঞ্জ ইউনিয়নকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মধ্যে যুক্ত করা নিয়ে বিপত্তি দেখা দেয়। এ ইউনিয়নকে সিটির সঙ্গে যুক্ত করা হলেও ওয়ার্ডের বিন্যাস করা হয়নি। বিষয়টি কমিশনের নজরে আসলে গত সপ্তাহে স্থানীয় সরকার বিভাগকে তাগাদাপত্র দেয়া হয়। পরে স্থানীয় সরকার বিভাগ ওয়ার্ড বিন্যাসের প্রজ্ঞাপন জারি করে গত রবিবার নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয়। এ পরিপ্রেক্ষিতে কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার জন্য রবিবারই বৈঠকে বসে। কিন্তু বৈঠকে নতুন ত্রুটি ধরা পড়ে। দেখা যায়, ওয়ার্ডের তফসিলীকরণ না করেই প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, সুলতানগঞ্জকে ৫৭ নম্বর ওয়ার্ডে অন্তর্ভুক্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয় যে গেজেট প্রকাশ করেছে সেটিকে তফসিলে অন্তর্ভুক্ত করতে সিটি করপোরেশন আইন ২০০৯ এর ৪ নম্বর ধারা অনুযায়ী আরেকটি গেজেট প্রকাশ করতে হয়। কিন্তু সেটি যথাযথভাবে হয়নি। এ কারণে কমিশন ডিসিসি নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেনি। নির্বাচন কমিশনার মোহাম্মাদ আবদুল মোবারক বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে গেজেটটি সংশোধনের জন্য আবার পাঠানো হয়েছে। সংশোধিত হয়ে আসলে কমিশন সভায় তফসিল ঘোষণার সিদ্ধান্ত হবে।
ইসি সচিব ড. মোহাম্মদ সাদিক ইত্তেফাককে জানিয়েছেন, প্রজ্ঞাপনের ত্রুটি সংশোধনে দুজন কর্মকর্তাকে দুপুরের পর সচিবালয়ে পাঠানো হয়েছে। সোমবার অফিস সময়ের মধ্যেই প্রজ্ঞাপনের ত্রুটি সংশোধন হয়ে যাওয়ার কথা। তিনি বলেন, মঙ্গলবার তফসিল ঘোষণা করতে পারলে নির্বাচন সাত জুলাই-ই অনুষ্ঠিত হবে।
