রাজশাহী মহানগরীর একাধিক স্থানে গতকাল সোমবার আলোচনা, মতবিনিময় ও পথসভায় প্রদত্ত বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম মুক্তিযুদ্ধের পক্ষে থাকার জন্য রাজশাহী মহানগরীর ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে আপনারা আপোষ করবেন না। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে ভোট দেয়ার জন্যও ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
মোহাম্মদ নাসিম রাজশাহীর আলুপট্টির মোড়ের দৈনিক বার্তা কমপ্লেক্সের তৃতীয় তলায় নাগরিক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এই অনুষ্ঠানে যোগ দিয়ে উন্নয়ন সংগঠন প্রশিকার উপদেষ্টা ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নেতা ইমারত আলী সবাইকে অবহিত করেন যে, প্রশিকার প্রতিষ্ঠাতা ও জাতীয় সঞ্চালন পরিষদের উপদেষ্টা কাজী ফারুকের নেতৃত্বে গণতন্ত্র রক্ষার তাগিদে তৃণমূল সংগঠনগুলো কাজ করবে। সন্ধ্যায় মোহাম্মদ নাসিম নগরীর বিভিন্ন এলাকায় পথসভায় বক্তৃতা করেন।
