পরিবেশ মন্ত্রীর বক্তব্য সংবাদপত্র বিকৃতভাবে প্রকাশ করেছে

আপডেট : ০৩ জুন ২০১৩, ২২:৫৪
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের লিগ্যাল নোটিসের জবাব দিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। তার পক্ষে সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু এমপি এই জবাব দেন। জবাবে বলা হয়েছে, তারেক রহমান সম্পর্কে তার মক্কেলের বক্তব্য সংবাদপত্রে বিকৃতভাবে প্রকাশিত হয়েছে। আর এই বক্তব্যের ভিত্তিতে লিগ্যাল নোটিস দেয়া যথাযথ ও আইনগত হয়নি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ নোটিস দেয়া হয়েছে। গতকাল সোমবার সুপ্রিম কোর্টে ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে মতিন খসরু বলেন, গত ২৫ মে চট্টগ্রামের ওই সভায় হাছান মাহমুদ যে বক্তব্য দিয়েছেন সেগুলো অমূলক ও ভিত্তিহীন নয়। হাওয়া ভবন সম্পর্কে দেশের ১৬ কোটি জনগণের যে মনোভাব সেই বিষয়গুলোই তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। তিনি বলেন, ওই বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এই ধরনের নোটিস দিয়ে আমার মক্কেলের ইমেজকে ক্ষুণ্ন করা হয়েছে। মক্কেলের বিরুদ্ধে এই মানহানিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। যদি তা করা না হয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, গত ২৭ মে তারেক রহমানের পক্ষে ব্যারিষ্টার কায়সার কামাল বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে লিগ্যাল নোটিস দেন। নোটিসে ১৫ দিনের মধ্যে হাসান মাহমুদকে তার বক্তব্য প্রমাণ নতুবা প্রত্যাহার করতে বলা হয়। যদি এটি করা না হয় তাহলে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছিলো।