গাজীপুর সদর উপজেলার বোর্ড বাজারের বড়বাড়ি এলাকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ও বেতন ভাতা বৃদ্ধির দাবিতে অনন্ত ক্যাজুয়াল ওয়্যার পোশাক কারখানার শ্রমিকরা গতকাল সোমবার সকালে বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করে। এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ মৃদু লাঠিচার্জ ও কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ৫ শ্রমিক আহত হয়।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখতে পান তাদের ১৯ শ্রমিককে কর্মস্থলে আইন-শৃংখলা ভঙ্গসহ নানা অভিযোগে সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে। এসময় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকে। সকাল ১১টার দিকে শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টিসহ তাদের বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি নিয়ে শিল্প পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষের সাথে আলোচনা করে আন্দোলনরত শ্রমিকরা। তাদের দাবি দাওয়ার ব্যাপারে মালিকপক্ষের কোন ইতিবাচক আশ্বাস না পেয়ে শ্রমিকরা মহাসড়কে অবস্থান করতে গেলে পুলিশ লাঠিচার্জ করে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। ১ জুন থেকে ওই কারাখানার শ্রমিকরা বেতন ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। আন্দোলনের মুখে রবিবারও কারখানা বন্ধ রাখা হয়। সোমবার শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
