বেহাল অবস্থায় পিরোজপুর নাজিরপুর মাটিভাঙ্গা সড়ক

আপডেট : ০৩ জুন ২০১৩, ২৩:৫১
জেলা শহর পিরোজপুর থেকে রাজধানী ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগের পিরোজপুর নাজিরপুর ঘোনাপাড়া (গোপালগঞ্জ) আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর অংশের ৩১ কিলোমিটার সড়ক দীর্ঘদিনে উন্নয়ন না হওয়ায় সড়কটি যানবাহন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। বিকল্প পথ না থাকায় সড়কটিতে ঝুঁকি নিয়েই লোকাল ও ঢাকাগামী পরিবহনের বাসগুলো চলাচল করছে। দেশের দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা পিরোজপুর নদীবহুল হওয়ায় এ জেলার যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক অনুন্নত। জেলায় ৫টি আঞ্চলিক সড়ক রয়েছে। এর মধ্যে জনগুরুত্বপূর্ণ পিরোজপুর- নাজিরপুর- গোপালগঞ্জ - ঢাকা সড়কের পিরোজপুর - আঞ্চলিক সড়কের পিরোজপুর অংশের ৩১ কিলোমিটার সড়কের অবস্থা খুবই খারাপ। দীর্ঘ সময়ে সড়কটি উন্নয়নের কোন উদ্যোগ ন্যূনতম মাত্রায় কার্যকরি না হওয়ায় তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে সিলকোট, পাথর, খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, আবার কোথাও কোথাও দেবে গিয়ে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে বিগত অর্থ বছরে সড়কটির পিরোজপুর থেকে নাজিরপুর উপজেলার সিকদার মল্লিক সংযোগ সড়ক পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা পুনঃনির্মাণের জন্য টেন্ডার হলেও ফান্ড না থাকায় মেরামত কাজ শুরু করেও বন্ধ করে দিয়েছে ঠিকাদার। সড়কটির মেরামত কাজ না হওয়ায় কতৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপর ক্ষুব্ধ এ সড়কে চলাচলকারীরা। দ্রুত সড়কটির মেরামত কাজ করা না হলে বর্ষা মৌসুমে সড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা পরিবহন সংশ্লিষ্টদের। টেন্ডারের পরে কাজ শুরু না হওয়ার কথা স্বীকার না করলেও পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, পিরোজপুর অংশের ৩১ কিলোমিটারের ১২ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দেয়া হলেও কাজের গতি খুব মন্থর। আগামী বর্ষা মৌসুমে যাতে সড়কটির যোগাযোগ ব্যবস্থা চালু থাকে সে বিষয়ে পদক্ষেপ নেয়ার কথাও জানান মোঃ আবু হেনা মোস্তফা কামাল, নির্বাহী প্রকৌশলী , সড়ক ও জনপথ , পিরোজপুর।