কালের সাক্ষী আনোয়ার মোল্লা

আপডেট : ০৩ জুন ২০১৩, ২৩:৫৫
বয়স ১১২-১১৩ বছর। পেশা ছিল, রেস্টুরেন্ট ব্যবসা। পিরোজপুরের মুন্সেফ কোর্ট চত্বরের একদা জমজমাট আনোয়ার মোল্লার হোটেলের মালিক তিনি। যে হোটেলের উপাদেয় খাবারে ক্ষুধা নিবৃত্ত করতেন শহরের নামজাদা আইনজীবী, বিচারক, কোর্ট কর্মচারী থেকে শুরু করে মক্কেলরা । আর এ সুবাদে আনোয়ার হোসেন মোল্লার স্মৃতিতে ভাস্বর হয়ে আছে পিরোজপুর অঞ্চলের শতবর্ষের নানা কাহিনী। তিন কালদর্শী এ মানুষটির কাছে বৃটিশ, পাকিস্তান আর বাংলাদেশ আমলের সকল সময়ের রাজনীতি, অর্থনীতি, আইন-শৃঙ্খলা, বিচার ব্যবস্থা, সংস্কৃতি-খেলাধুলার আঞ্চলিক বিবরণ পাওয়া যেত পাঁচ বছর আগেও । এখন তিনি খানিকটা স্মৃতিভ্রষ্টতা কাতর হলেও পুরানো দিনের কথা বলেন হাতড়িয়ে। বয়স যখন ১০০ বছর তখনও কথা বলতেন বলিষ্ঠতার সাথে। অতি রসবোধসম্পন্ন মানুষটির প্রতিটি বচন ছিল অর্থবোধক। শতবর্ষ উত্তীর্ণ আনোয়ার মোল্লার শরীরে বয়সের ন্যুব্জতা ফুটে উঠলেও হেঁটে বেড়ান যুবকদের মত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বাসার পাশে আদর্শ পাড়া মসজিদে।