আমার প্রিয় স্কুল

বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৮:২৬
মো. নাজমুল হাসান শাওন, ষষ্ঠ শ্রেণি পঞ্চগড় জেলার ৫ টি উপজেলার সবচেয়ে প্রাচীন ঝিনুকনগর শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি কালের আবর্তে বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে তার ঐতিহ্য বহন করে চলছে। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে পড়াশোনা করেছেন, উত্তরাঞ্চলের অনেক নামি দামী খ্যাতিমান নারী পুরুষরা। এই বিদ্যালয়টিতে আমিও লেখাপড়া করেছি। বাংলাবান্ধা-ঢাকা হাইওয়ে রোড ঘেঁষা ঝিনুকনগর গ্রামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি জেলার মডেল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। সবুজ শ্যামলে ঘেরা উপজেলা শহরের একমাত্র আধুনিক এই প্রতিষ্ঠানটিতে প্রায় ৫০০ শিক্ষার্থী রয়েছে। ১৪ কক্ষ বিশিষ্ট প্রতিষ্ঠানটি দুটি বিল্ডিং এ বিদ্যমান। দোতলা বিল্ডিংটির উপর তলায় ক্লাস হয়। নীচ তলার একটি কক্ষকে অফিস রুম হিসেবে ব্যবহার করা হয়। ১৩ জন শিক্ষক অত্যন্ত যত্ন সহকারে আমাদের পাঠদান করিয়েছেন। ‘খেলার সময় খেলা, পড়ার সময় পড়া’ এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। এই প্রতিষ্ঠানের আব্দুল হাই স্যার সব শিক্ষার্থীদের নিজের সন্তানের মত আদর করেন। তাঁকে ভালোবাসেনা এমন শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে নেই। প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, নাচ,গান, নাটক, কাব স্কাউট নিয়মিত হয়ে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো এই স্কুলের শিক্ষার্থীরা টিফিনের সময় স্কুল মাঠে মজার মজার খেলাধুলা নিয়মিতভাবে চালাচ্ছে বলেই পরষ্পরের মধ্যে বন্ধুত্ব, ভাত্তৃত্ব এতই গভীর যে, তাদের কথা ভুলা যায় না। প্রতি বছর ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মজার মজার ডিসপ্লে প্রদর্শন করে উপজেলা সকল প্রতিষ্ঠানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওযার গৌরব অর্জন করে। কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শ্রদ্ধেয় স্যারেরা আমাদের বাড়িতে গিয়ে দেখে আসেন। বর্তমান প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান অত্যন্ত দরদ দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন। আমি এই বিদ্যালয় থেকে গত ২০১২ সালে পঞ্চম শ্রেণী পাশ করেছি। আমি বর্তমানে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যায়ন করছি। আমার প্রিয় স্কুল বোদা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্যারদের কথা, শিক্ষার্থীদের কথা, খেলাধুলা ও আনন্দঘন পরিবেশের কথা বার বার মনে হয়।