ক্যাম্পাসে আড্ডা যেনো সিলেবাসের পাঠ

আপডেট : ০৪ জুন ২০১৩, ১৯:১৪
একসঙ্গে কয়েকজন। গোল হয়ে বসা। সীমাহীন সময় ব্যয়। লক্ষ্য কথার ফুলঝুরি। হাসি-তামাসা। আছে ভালো লাগা। মন্দ লাগারও ব্যাপার। মাঝে চায়ের কাপের চুমুকে সতেজতা। এরই নাম আড্ডা। এমন ধারইার সাথে একমত হতে নারাজ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। তাদের অনেকেরই মতে, আড্ডা শুধু আড্ডাই নয়। একে ভালোভাবেই কাজে লাগানো যায়। আড্ডা যদি হয় কাজের তাহলে এখান থেকেও অনেক ইতিবাচক ফলাফল অর্জন করা সম্ভব। আইন বিভাগের শিক্ষার্থী তৃষা শারমিন বলেন, এক সাথে অনেকে বসে গল্পের মাধ্যমে নানা অজানা তথ্যকে একে অপরের মাঝে শেয়ার করতে পারি। বিশ্ববিদ্যালয় তো শুধু পাঠ্যপুস্তকের মাঝেই সীমাবব্ধ নয়। আর এখানে বই পড়েই সব কিছু জানা সম্ভব নয়। সবাই তো সব কিছু সমানভাবে জানবে তা নয়। একজনের জানাটা অন্যের মাঝে শেয়ার করার মাধ্যমে অনেক কিছু জানা যায়। ইংরেজি বিভাগের বিভাগের শিক্ষার্থী ইফাত জেন্সি ও গুঞ্জন জানান, আসলে সবার সাথে আড্ডায় বসা যায় না। যাদের সাথে মনমানসিকতার মিল আছে তাদের সাথে আড্ডা দিতে ক্লান্তি লাগে না। মন খুলে নিজের মনের কথা শেয়ার করা যায়। একেবারে আপন মানে হয়। মনে হয় একটি পরিবারের সাথে আছি। তাছাড়া ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে এক সাথে ভাষা চর্চাও করতে পারি। তবে আড্ডা নিয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জিলফু মুরাদ বলেন, আমি আড্ডাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করি। আড্ডা দিতে অবশ্যই ভালো লাগে। তবে সেটা যদি কাজের হয় তাহলে আরও ভালো হয়। আমি চাই আড্ডা দেয়ার সময়টাও যেন নষ্ট হয়ে না যায়। তাই আড্ডাকেও কাজ হিসেবে দেখার চেষ্টা করি। তমা জানান, সরকারি বিশ্বদ্যািলয়গুলোর মতো তো আমাদের হলের সুব্যবস্থা নাই। তাই আমরা যতক্ষণ সময় পাই আড্ডা দিয়েই কাটিয়ে দেই। বিশ্ববিদ্যালয় আসব আর আড্ডায় বসব না তাতো মেনে নেয়া যায় না। তমার সাথে সুর মিলিয়ে আর এক শিক্ষার্থী অরুপ চক্রবর্তী বলেন, ক্যাম্পাসে আসলেই আমার মন ভালো হয়। অন্যরকম টান অনুভব করি ক্যাম্পাসের প্রতি। আমরা ক্লাসকেও উপভোগ করি। মনে হয় পুরো ক্যাম্পাসে আপনজন মিশে আছে। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাজিদ বলেন, আড্ডা ছাড়া ক্যাম্পাস জীবন অচল। আড্ডার মাধ্যমে জানাশুনার পরিধি বাড়ে। আড্ডা মানে দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেয়া। ক্যাম্পাসে আড্ডা মানে প্রাণ খুলে কথা বলা। আড্ডা মানে হাসি মুখ। আড্ডা মানে বন্ধুদের সাথে মিষ্টি মিষ্টি ঝগড়া। পরক্ষণেই আবার একে অপরের সাথে মিশে যাওয়া। মনে হয় আড্ডা আমাদের সিলেবাসেরই অংশ। নিয়মিত ক্লাস, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট ইত্যাদির মাঝেও অবিরাম আড্ডা আর হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখরিত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। অনেক শিক্ষার্থীই তার ক্যাম্পাসকে পরিবারের মতো আপন করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইট পাথরের ক্যাম্পাস যেন মিশে আছে শিক্ষার্থীদের হূদয়ের সাথে।