খুব অল্প বয়সেই শাস্ত্রীয় সংগীতে তালিম এবং নিয়মিত গানের চর্চা এ দেশে খুব কম জনেরই বর্তমান। গানে নিবিষ্ট থেকেই পড়াশোনার পাশাপাশি সেজুতি নিয়মিত মূল ধারার গানের চর্চা করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে এনটিভি, আরটিভি, দিগন্ত টিভিসহ বেশ কটি স্যাটেলাইট চ্যানেলের লাইভ অনুষ্ঠানে গানে মুগ্ধ করেছে এই ক্ষুদে তারকা। সেজুতি তার আজকের পারফর্মেন্স প্রসঙ্গে বলেন, ‘প্রতিটা শোয়ের আগেই এক ধরনের প্রস্তুতি থাকে। এ ব্যাপারে আমার পরিবার খুব সাপোর্ট করেন। বিশেষ করে বাবা আমায় প্রতিনিয়ত পরামর্শ দিয়ে সবকিছু গুছিয়ে দেন। এর আগের কয়েকটি লাইভ শোতে আমার গুরুজনদের অনেক আশীর্বাদ ও গাইডলাইন পেয়েছি। আশা করি আজকের ফোনোলাইভ শোতেও সবার আশীর্বাদ পাব। বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’ দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান এ অনুষ্ঠানে রবীন্দ্র-নজরুলসহ স্বনামধন্য সংগীত স্রষ্টাদের গানের পাশাপাশি আধুনিক গানসহ উপমহাদেশের অমর শিল্পীদের কালজয়ী সব গানও পরিবেশন করা হয়। বাংলাভিশনের এ অনুষ্ঠানে প্রতিষ্ঠিত শিল্পীরা যেমন অংশ নিয়ে থাকেন তেমন নবীন শিল্পীরাও মাঝে মধ্যে অংশ নেওয়ার সুযোগ পায়। আজকের পর্বে মৌমিতা হক সেঁজুতি গাইবেন স্বর্ণযুগের গান, গজল-ভজন ও ঠুমরি। অনুষ্ঠানটি সম্প্রচার হবে আজ রাত ১১টা ২০ মিনিটে।
