দক্ষিণ আফ্রিকায় গচ্ছিত গাদ্দাফির সম্পদ ফেরত পেতে চায় লিবিয়া

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:০৬
দক্ষিণ আফ্রিকায় লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফি ও তার পরিবারের ১শ’ কোটি ডলারের সম্পদ রয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা তদন্ত করছে দেশটির কর্মকর্তারা। সেখানে গচ্ছিত গাদ্দাফির সম্পদ ফেরত পেতে চায় লিবিয়ার কর্তৃপক্ষ। লিবীয় সরকার দক্ষিণ আফ্রিকার প্রতি পাচার হওয়া ডায়মন্ড, সোনা ও নগদ অর্থ ফেরত পেতে সহায়তার আহ্বান জানিয়েছে।—খবর রয়টার্সের। লিবিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, গাদ্দাফির পাচার করা এই সম্পদ দক্ষিণ আফ্রিকার চারটি ব্যাংক এবং সিকিউরিটি কোম্পানিতে গচ্ছিত আছে। কোনো কোনো হিসাবে ধারণা করা হয়, বিদেশে থাকা গাদ্দাফির মোট সম্পদের আর্থিক মূল্য ৮ হাজার কোটি ডলার। ২০১১ সালের অক্টোবরে গাদ্দাফি তার জন্মশহর সির্তে থেকে পালানোর সময় লিবিয়ার বিদ্রোহীদের হাতে ধরা পড়েন এবং নিহত হন। গাদ্দাফি এবং তার পরিবারের যেকোনো সম্পদ অনেক লিবীয় নাগরিক রাষ্ট্রীয় সম্পদ বিবেচনা করে এবং তা ফেরত আনা উচিত বলে মনে করেন।