আফ্রিকার জঙ্গি নেতাদের ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:০৭
আফ্রিকার জঙ্গি সংগঠনের নেতাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে মার্কিন কর্তৃপক্ষ। উত্তর ও পশ্চিম আফ্রিকার জঙ্গি নেতাদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার ঘটনা এটাই প্রথম। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায়, আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারামের শীর্ষ নেতা আবুবকর শেখকে ধরিয়ে দিতে সাত মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। আল কায়েদা ইন ইসলামিক মাঘরেব (একিউআইএম) এবং মুভমেন্ট ফর ইউনিটি এবং জিহাদ ইন ওয়েস্ট আফ্রিকার (মুজাও) শীর্ষ নেতাদের ধরিয়ে দিতেও পুরস্কার ঘোষণা করা হয়েছে। মোক্তার বেলমোক্তার নামের অপর এক দুর্ধর্ষ জঙ্গিকে ধরিয়ে দিতে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। জানুয়ারিতে আলজেরিয়ায় গ্যাস প¬ান্টে বোমা বিস্ফোরণের মাধ্যমে তিন মার্কিনিসহ ৩৭ জনকে হত্যা করার জন্য মোক্তারের জড়িত থাকার অভিযোগ রয়েছে। একিউআইএমের অপর এক শীর্ষ নেতা আবু এল হাম্মামকে ধরিয়ে দেয়ার জন্যও পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছে। একিউআইএমের শীর্ষ নেতা মালিক আবু আবদেলকরিম এবং মুজাওয়ের মুখপাত্র ওমার আওলাদ হামাহাকে ধরিতে দিতে তিন মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন কর্তৃপক্ষ।