লেবাননের উত্তরাঞ্চলীয় শহর ত্রিপোলিতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে। সোমবার রাতে ঘটনা ঘটে। ত্রিপোলির বাব তেব্বানে এলাকায় ওইদিন বাশার বিরোধী একটি মিছিল বের হলে বাশার সমর্থকেরা এতে গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। এর আগে দুপুরে ত্রিপোলির সিডন এলাকায় মেহের হাম্মুদ নামে হিজবুল্লাহপন্থী এক ধর্মীয় নেতাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। জোহরের নামাজ পড়তে স্থানীয় মসজিদে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়। প্রায় একই সময়ে মুস্তফা ব্রেদি নামে হিজবুল্লাহপন্থি আরেক ইমামকে গুলি করে হত্যা করা হয় বলে জানা যায়। লেবাননের জনগণের একটি অংশ সিরিয়ার প্রেসিডেন্টকে সমর্থন করছে। অন্যদিকে আরেকটি অংশ বিদ্রোহীদের পক্ষ নিয়েছে। আর এ নিয়ে লেবাননেও সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। সিরিয়া ইস্যুতে লেবাননে সহিংসতায় গত মাসে ২৯ জন নিহত হয়।
