গুরুদাসপুরে শতবিঘা জমির পাকা ধান নষ্টের উপক্রম

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৩৪
নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীর সমর্থকরা মারমুখী হয়ে উঠেছেন। অভিযোগে প্রকাশ, সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সমর্থক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের অনুসারীদের চরকাদহ মাঠের প্রায় শত বিঘা জমির পাকা ধান কাটতে দেয়া হচ্ছে না। ফলে পাকা ধান ক্ষেতেই ঝড়ে পড়ছে। গত শনিবার সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদের বাসভবনে তার অনুসারীরা এক সাংবাদিক সম্মেলন ডেকে ওই অভিযোগ করেন। ওই অভিযোগের সত্যতা নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীসহ তাদের সমর্থক ধারাবারিষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন সরকারের সাথে একাধিকবার কথা বলেছেন। তারা নানাভাবে সময় ক্ষেপণ করছেন। বিষয়টি সরকারি দলের উভয় গ্রুপের ঘটনা হওয়ায় তারাও অসহায়। ধান চাষি জানমামুদ, ছাইদুল ইসলাম ও মহির উদ্দিন জানালেন, তারা কোন সহিংসতার সাথে জড়িত নন। আব্দুল কুদ্দুসকে সমর্থন করায় তাদের জমির ধান কাটতে দেয়া হচ্ছে না। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী বলেন, তাকে হত্যাচেষ্টার অপরাধকে আড়াল করার জন্যই তার বিরুদ্ধে এধরনের অভিযোগ আনা হচ্ছে। তিনি কোন অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করেন না।