কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে খাদ্য বিভাগের নিরাপত্তা কর্মী ওবায়দুর রহমান ফকিরকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল লতিফ এ রায় দেন। সাজাপ্রাপ্ত ওবায়দুর রহমান ফকির উপজেলার খায়েরহাট জলকারপাড়া গ্রামের জাফর ফকিরের ছেলে। সে ভাটিয়াপাড়া খাদ্য গুদামের নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত। এ ঘটনায় বিক্ষুব্ধ চিকিত্সকরা আধা-ঘন্টা কর্মবিরতি পালন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তরুণ মণ্ডল জানান, ওবায়দুর ঐদিন সকালে হাসপাতালের বহির্বিভাগে কর্মরত এক চিকিত্সকের কাছে খাবার স্যালাইন চায়।
হাসপাতালে খাবার স্যালাইন না থাকায় ওই চিকিত্সক তাকে ফিরিয়ে দেন। পরে ওবায়দুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবুল খায়ের রফিকুল হায়দারের রুমে ঢুকে স্যালাইন নেই কেন জানতে চায়। দু’জনের মধ্যে কথাবলার এক পর্যায়ে ওবায়দুর উত্তেজিত হয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে লাঞ্ছিত করে। এ ঘটনারা প্রতিবাদে চিকিত্সকরা চিকিত্সা সেবা বন্ধ করে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাশিয়ানী থানায় ওসিসহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে শাস্তি দেয়ার আশ্বাস দিলে চিকিত্সকরা আবার চিকিত্সা কাজ শুরু করেন।
