পাংশায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আপডেট : ০৪ জুন ২০১৩, ২১:৩৬
সোমবার সকালে রাজবাড়ীর পাংশায় নিজ অফিস থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় আব্দুর রশিদ নামের আনছার ভিডিপি উন্নয়ন ব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করছে পাংশা থানার পুলিশ। নিহত ব্যাংক কর্মকর্তা উপজেলার কুশরডাঙ্গী গ্রামের মৃত ওছিমদ্দিন মোল্লার ছেলে। তিনি ওই ব্যাংকের সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ব্যাংকের গার্ড মাসুদ জানান, প্রতিদিনের মত আব্দুর রশিদ অফিসে এসে কাজে যোগদান করেন। সকাল ১০টার দিকে ওই কর্মকর্তাকে রেখে অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা ফিল্ডে চলে যান। গার্ড মাসুদও ব্যক্তিগত কাজে অফিসের বাইরে অবস্থান করছিলেন। সকাল ১১টায় তিনি অফিসের নিজ কক্ষে ফিরে এসে আব্দুর রশিদের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শাখা ব্যবস্থাপককে জানান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। শাখা ব্যবস্থাপক রইচ উদ্দিন জানান, আব্দুর রশিদ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। সাম্প্রতিক তিনি ঢাকা থেকে চিকিত্সা নিয়ে ফিরে আসেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।