বিচারকের সাথে অশোভন আচরণ করায় যশোর জেলা আইনজীবী সমিতি এক আইনজীবীকে সাময়িক বরখাস্ত করেছে। সোমবার সমিতির সভায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কারণ দর্শাও নোটিস দিয়ে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। আদালত সূত্র জানায়, গত ৩০ মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমি আহমেদ বাঘারপাড়া থানার জিআর-৬৪/১৩ নম্বর মামলার দু’জন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন। এতে আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত্ হোসেন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বিচারকের সঙ্গে অশোভন ও অসৌজন্যমূলক আচরণ করেন। আইনজীবীর এ অসৌজন্যমূলক আচরণের বিষয়টি লিখিতভাবে আইনজীবী সমিতিকে অবহিত করেন বিচারক।
সমিতি সূত্র জানায়, আইনজীবীর এমন আচরণ সমিতির শৃঙ্খলাবিরোধী হওয়ায় গঠনতন্ত্রের ১০-এর (ঘ) ধারা অনুযায়ী তার সদস্য পদ বাতিল হওয়ার যোগ্য। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
