নাশকতার উদ্দেশ্যে সমাবেশ ডাকলে অনুমতি নয় :টুকু

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩০
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সংবিধান সম্মত সভা-সমাবেশের ওপর পূর্বেও কোন বিধিনিষেধ ছিল না, এখনো নেই। নাশকতার জন্য যারা সভা-সমাবেশ করবে তাদের কখনো অনুমতি দেয়া হবে না। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাইবার ক্রাইম কমিটি গঠন ও সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে জনসচেতনতা সৃষ্টির বিষয় আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসময় জানান, সাইবার ক্রাইম বন্ধে শিগগিরই বিশেষ কমিটি কাজ শুরু করবে। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক, র্যাব, বিজিবি এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। দেশের মানুষ শান্তিতে থাকুক, দেশে গণতান্ত্রিক প্রতিক্রিয়া অব্যাহত থাকুক- এটা ১৮ দলীয় নেত্রী চান না অভিযোগ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অস্ত্র-লাঠি নিয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায় তাদের জন্য আজীবন সভা-সমাবেশ নিষিদ্ধ থাকবে। বাংলাদেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে আমাদের পদক্ষেপ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সাইবার ক্রাইম বন্ধ না করা গেলে মিথ্যা প্রচারণা বন্ধ করা সম্ভব হবে না । জঙ্গিবাদ, অপপ্রচার ও সাইবার ক্রাইম নির্মূল করতে বৈঠকে একটি সার্বক্ষণিক কমিটি গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এগুলো প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞাপন চিত্র, ডকুমেন্টারি, শর্টফিল্ম নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।