যশোরের মন্দিরে ডাকাতি

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩১
যশোরের রামকৃষ্ণ আশ্রম মন্দিরে ডাকাতি হয়েছে। সোমবার গভীর রাতে ডাকাতদল মন্দিরে হানা দিয়ে ছয় ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মামুন নামে একজনকে গ্রেফতার করেছে। আটক মামুন মন্দির পার্শ্ববর্তী টিবি ক্লিনিক এলাকার বখাটে হিসেবে চিহ্নিত। যশোর রামকৃষ্ণ আশ্রমের পুরোহিত স্বামী আত্মবিভানন্দজী জানান, রাত আড়াইটার দিকে ১০-১২ জনের ডাকাতদল মন্দিরে হানা দিয়ে অস্ত্রের মুখে পুরোহিত স্বামী সতবিদ্যানন্দকে বেঁধে ফেলে। এ সময় তারা কৃষ্ণমূর্তির গায়ে থাকা ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। পরে দুটি প্রণামী বাক্স ভেঙে সব টাকা নিয়ে আশ্রমের অফিস কক্ষ তছনছ করে চলে যায়। সকালে যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্ত করে লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।