গণতান্ত্রিক দেশগুলোর অনুসরণেই নির্বাচন হবে :প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় বলেছেন যে, যুক্তরাজ্যসহ সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান দেশগুলোর অনুসরণে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী এ্যালান ডুনকান গতকাল সকালে শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্ করলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। শেখ হাসিনা বলেন, তার সরকার গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছে। এ প্রসঙ্গে তিনি মরহুম রাষ্ট্রপতি এম জিল্লুর রহমানের সার্চ কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদানের কথা উল্লেখ করেন। গত সাড়ে চার বছরে ক্ষতাসীন দলের কোন প্রকার হস্তক্ষেপ ছাড়া অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ৫ হাজার ৬শ’র বেশি নির্বাচন অনুষ্ঠানের প্রতি তিনি আলোকপাত করেন। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এক সঙ্গে ৬৩টি জেলায় বোমা বিস্ফোরণ এবং ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার গত সাড়ে চার বছরে শক্ত হাতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছে। শেখ হাসিনা ব্রিটিশ বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগ বান্ধব পরিবেশের সুযোগ গ্রহণ এবং সহজে প্রশিক্ষণযোগ্য ও প্রতিযোগিতামূলক শ্রম শক্তিকে কাজে লাগাবার আহ্বান জানান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থনদানের জন্য যুক্তরাজ্য সরকারের প্রশংসা করেন তিনি। যুক্তরাজ্যকে বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক ও অর্থনৈতিক শরিক উল্লেখ করে প্রধানমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নের বাজারে ডিউটি ও কোটামুক্ত বাংলাদেশি পণ্য প্রবেশের সুযোগ দানের প্রশংসা করেন। পোশাক খাতে সহায়তার প্রস্তাব নরওয়ের নরওয়ের মান ও নিরাপত্তা ব্যবস্থাসহ বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে সহায়তার প্রস্তাব দিয়েছে। সফররত নরওয়ের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী হেইককি এইডসভল হোলমাস গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে এ প্রস্তাব দেন। নরওয়ের মন্ত্রী জলবায়ুর পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন এবং এ বিষয়ে ঢাকা-অসলোর মধ্যে সহযোগিতার ওপর জোর দেন। এইডসভল হোলমাস শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনি, খাদ্য নিরাপত্তা, আইসিটি ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যেরও প্রশংসা করেন। প্রধানমন্ত্রী ২০০২ সালের পহেলা জুলাই থেকে নরওয়ের জিএসপি’র অধীনে বাংলাদেশি পণ্যের কোটা ও শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত থাকায় নরওয়ে সরকারকে ধন্যবাদ জানান। জাহাজ নির্মাণ খাত এবং আইটি বিদ্যুত্ উত্পাদন, তেল, গ্যাস ও খনিজ সম্পদ আহরণ, ওষুধ তৈরি, পর্যটন, টেলিযোগাযোগ, চামড়া ও চামড়াজাত পণ্য, বস্ত্র, কৃষি শিল্প ও ইলেকট্রনিক সরঞ্জামের মতো বিভিন্ন খাতে বিনিয়োগে সহায়তা প্রত্যাশা করেন তিনি। সবক’টি নির্বাচন নিরপেক্ষ হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকারের আমলে গত সাড়ে চার বছরে দেশে অনুষ্ঠিত সবক’টি নির্বাচন, উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। তিনি গতকাল সংসদে বিএনপি’র সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পয়েন্ট অব অর্ডারে দেয়া বক্তব্যের প্রেক্ষিতে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মহাজোট সরকারের আমলে এ পর্যন্ত সারাদেশে ৫ হাজার ৬৪৫টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৬৩ হাজার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে। জনপ্রতিনিধিদের মধ্যে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি ও অন্যান্য দলের প্রার্থী নির্বাচিত হয়েছেন।