অভ্যুত্থান চেষ্টায় জড়িতদের গ্রেফতারে ইন্টারপোলের সাহায্য চেয়েছে সেনাবাহিনী

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩৬
সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টায় জাড়িত প্রবাসী ব্যবসায়ী ইশরাক আহমেদ ও মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হককে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে একথা জানানো হয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, অভ্যুত্থান চেষ্টার সঙ্গে জড়িত ইশরাক আহমেদ ও মেজর জিয়াকে ইন্টারপোলের মাধ্যমে খুঁজে বের করার সুপারিশ করা হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, জড়িত দু’জনকে ইন্টারপোলের মাধ্যমে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে তারা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে সেনাসদর থেকে সংবাদ সম্মেলনে তা স্বীকার করা হয়।