গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ-এর পুত্র শাহ রিয়াজুল হান্নানকে লাঞ্ছিত করার ঘটনার জের ধরে গতকাল মঙ্গলবার ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষে ৫ পুলিশসহ উভয় দলের অন্তত ২২ নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ ছাত্রদলের ৯ নেতাকর্মীকে আটক করেছে। এ সময় কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এদিকে এ হামলা ও আটককৃতদের মুক্তির দাবিতে ছাত্রদল আজ বুধবার কাপাসিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল কাপাসিয়ায় দলের অস্থায়ী কার্যালয়ে সদর ইউনিয়ন ছাত্রদল একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহর পুত্র শাহ রিয়াজুল হান্নান। তিনি অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে ছাত্রলীগ কর্মীরা তার গাড়ি বহর আটকে রাখে। এ সময় তারা শাহ রিয়াজুলের তিনটি গাড়ি ভাঙচুর করে। এরই প্রতিবাদে ছাত্রদল কর্মীরা তরগাঁও হাসপাতাল মোড়ে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
