নির্বাচন আজ

পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে মনোনয়নপত্র দাখিল

আপডেট : ০৪ জুন ২০১৩, ২২:৩৯
পাকিস্তানে আজ বুধবার প্রধানমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফসহ তিনজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) আমিন ফাহিম এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের মাখদুম জাভেদ হাশমি রয়েছেন। নির্বাচিত প্রধানমন্ত্রী আজই শপথ নিতে পারেন। খবর ডন ও এনডিটিভির। নওয়াজ শরীফের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার দলের নেতা ইশাক দার, তারিক ফজল, খাজা আসিফ এবং আবদুল কাদির বেলুচ। পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় নওয়াজ শরীফই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ইতোমধ্যে মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দিয়েছে। ছোট আকারের মন্ত্রিসভা নিয়ে আজই তিনি শপথ নিতে পারেন। পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় নওয়াজ তার হাতে রাখতে পারেন। এছাড়া তার ঘনিষ্ঠরাই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। মন্ত্রিসভার আকার ২০-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।