শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজ বলিউডে ইতোমধ্যে জায়গা করে নিয়েছেন। অনেক দর্শক এখন তাকে বেশ ভালোভাবেই চেনে। নতুন জেনারেশনের আবেদনময়ীদের অন্যতম হিসেবে গত কয়েক বছরে ক্রমেই ভালো একটি অবস্থানে পৌঁছে গেছেন তিনি। এখন তার ওপর ভরসা করতে পারছেন অনেক নামিদামি নির্মাতা। বলিউডে জ্যাকুলিনের উত্তরণ এখন খুব সহজেই চোখে পড়ছে। অভিনীত ছবির বিরাট সাফল্য, পর্দা উপস্থিতিতেই বিশেষ চমক, জনপ্রিয় নায়কদের বিপরীত অভিনয়ের সুযোগ ইত্যাদিতে তিনি প্রমাণ করেছেন বলিউডে বেশ ভালোভাবেই থাকতে চান। জ্যাকুলিনের ক্যারিয়ার, ব্যক্তিজীবন ইত্যাদি নিয়ে
লিখেছেন রেজাউল করিম খোকন
গত জানুয়ারিতে মুক্তি পেয়েছে ‘রেস টু’ ছবিটি। চোখ ধাঁধানো মন ভরানো অ্যাকশন থ্রিলার ধাঁচের এ ছবিতে একজন দুর্ধর্ষ তরুণীরূপে দেখা গেছে জ্যাকুলিন ফার্নান্দেজকে। প্রায় ২০০ কোটি রুপি ব্যবসা করছে ‘রেস টু’। ছবিটির বিরাট সাফল্যের পর এ ছবির অন্যতম তারকা জ্যাকুলিনকে নিয়ে বলিউডে নতুন করে হিসেবে নিকেশ শুরু হয়েছে। এখন অনেক নির্মাতাই তাকে প্রধান নায়িকা চরিত্রে কাস্ট করার ব্যাপারে উত্সাহী হয়ে উঠেছেন। শুধুমাত্র ‘রেস টু’ নয়, এর আগে ‘মার্ডার টু’, ‘হাউসফুল টু’ ছবিতে জ্যাকুলিনের পারফর্মেন্স বলিউডে রীতিমতো ঝড় তুলেছে। জ্যাকুলিন স্রেফ গ্ল্যামারাস অভিনেত্রী হিসেবেই নয়, একজন অ্যাকশন গার্ল হিসেবেও তার আলাদা পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছেন। ফলে তার ক্যারিয়ারে সম্ভাবনার নতুন দুয়ার খুলে গেছে। যার প্রমাণ প্রখ্যাত প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার বহুল আলোচিত ‘কিক’ ছবিতে সালমান খানের বিপরীতে নায়িকা চরিত্রে জ্যাকুলিনের কাস্টিং। গত কয়েক বছর ধরেই বলিউডে ‘কিক’ ছবিটিকে ঘিরে আলোচনা চলছে। যে কারণে সালমান খানের অ্যাকশন ধাঁচের এ ছবিতে তার বিপরীতে কে নায়িকা হবেন তা নিয়ে দারুণ কৌতূহল সৃষ্টি হয়েছিল। দীপিকা পাড়ুকোনের দীর্ঘদিনের সাধ পূরণ হবে ‘কিক’ ছবিতে সালমান খানের নায়িকা হওয়ার মাধ্যমে—তেমন খবর বেশ চাউর হলেও শেষ পর্যন্ত জ্যাকুলিনেরই ভাগ্যের চাকা ঘুরেছে। প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘কিক’ ছবির মাধ্যমে পরিচালকরূপে আত্মপ্রকাশ করবেন। ‘রেস টু’ ছবিতে জ্যাকুলিনের অ্যাকশন ইমেজে ভীষণভাবে আলোড়িত এই প্রযোজক-পরিচালক জ্যাকুলিনকেই তার ‘কিক’ ছবিতে সালমান খানের বিপরীতে কাস্ট করেন চূড়ান্তভাবে। এটা রীতিমতো চমক সৃষ্টি করেছে বলিউড জুড়ে। জ্যাকুলিন নিজেও ভাবতে পারেননি এতদিন রিতেশ দেশমুখ, ইমরান হাশমি, জন আব্রাহামদের বিপরীতে অভিনয়ের পর এত সহজেই সালমান খানের মতো সুপারস্টার নায়কের সঙ্গে একই ছবিতে নায়িকা সাজার সুযোগ পেয়ে যাবেন। দীপিকা পাড়ুকোনেরই এ ছবিতে কাজ করাটা ফাইনাল হয়ে গেলেও হঠাত্ করেই জ্যাকুলিন দীপিকাকে হটিয়ে ‘কিক’ ছবিতে সালমানের পর্দা প্রেমিকা সাজার সুযোগ পেয়ে গেছেন। এতদিন তাকে যারা দ্বিতীয় তৃতীয় সারির নায়িকা মনে করতেন তাদের ধারণাও বদলে গেছে এর মাধ্যমে। ‘আলাদিন’ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় পা রাখা জ্যাকুলিনের জন্ম শ্রীলঙ্কায় হলেও তার শৈশব-কৈশোর কেটেছে আরব সাগরের তীরবর্তী দেশ বাহরাইনে। এরপর অস্ট্রেলিয়ায় মাস-কমিউনিকেশনে পড়াশোনা করেছেন। পাশ্চাত্যের চোখ ধাঁধানো সুন্দরীদের কাতারে তাকে দাঁড় করানো যায় অনায়সেই। সেই সূত্রে মডেলিং করেছেন। টিভি রিপোর্টিং করেছেন। টিভি শো উপস্থাপনাও করেছেন। আর এভাবেই বলিউডে নিজেকে জড়িয়েছেন। গত কয়েক বছরে বলিউডে নিজের যে অবস্থান গড়েছেন সেটা হেলায় হারাতে চান না। নিজের ক্যারিয়াকে চাঙা করতে উঠে পড়ে লেগেছেনও। ‘রেস টু’ ছবিতে জ্যাকুলিনের সাফল্যের কারণেই ‘কিক’ ছবিতে সালমান খানের নায়িকা হওয়ার সুযোগ এসে গেছে তার হাতে। দীপিকা পাড়ুকোনের জায়গায় তার অভিনয়ের সুযোগ পাওয়ার পেছনে আর একটি বড় কারণ হলো, ‘কিক’ ছবির পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা এ ছবির জন্য একটানা চার-পাঁচ মাস সময় চেয়েছিলেন। যে নায়িকা তাকে সে সময় দিতে পারবেন তাকেই তিনি নেবেন বলার পর দীপিকা কিছুটা পিছিয়ে যান। কারণ এখন তার হাতে বেশ অনেকগুলো উল্লেখযোগ্য ছবি রয়েছে যেগুলোর কাজ শেষ হতে অনেক দেরি আছে। এই সুযোগটি গ্রহণ করেছেন জ্যাকুলিন।
সালমান খানের নায়িকা হওয়ার সুযোগ পেয়ে অভিভূত জ্যাকুলিন ফার্নান্দেজ। সম্প্রতি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। বলিউডের সবচেয়ে বড় একজন তারকার বিপরীতে অভিনয় করতে যাচ্ছি ভাবতেই শিহরণ বোধ করছি। আমি নিজেকে অনেক সৌভাগ্যবতী ভাবতে পারছি।’ আগামী জুলাই থেকে ‘কিক’ ছবির শুটিং শুরু হবে। আগামী বছরের ঈদে মুক্তি পাবে ছবিটি। ‘কিক’ ছবিটি সম্পর্কে জ্যাকুলিন বেশি কথা বলতে নারাজ। তিনি বলেন, ‘ছবিটির শুটিং এখনও শুরু হয়নি, এখনই ছবিটি সম্পর্কে বলা সম্ভব নয় প্রযোজক-পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা সব ভালো বলতে পারবেন।’
২৮ বছর বয়সী জ্যাকুলিন ফার্নান্দেজ শুধুমাত্র সুন্দর চেহারা এবং আকর্ষণীয় শারীরিক সৌন্দর্যকে পুঁজি করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান না। এটা তিনি উপলব্ধি করেছেন গত কয়েক বছরের পদ চারণায়। ‘আমি একজন অভিনেত্রী হিসেবে যেকোনো ধরনের চরিত্র রূপায়ণের সময় নানাভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। ইতোমধ্যে আমি সবার কাছ থেকে যে ধরনের সাড়া পেয়েছি তাতে অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি, আগামীতে নিজেকে আরও যোগ্যরূপে উপস্থাপন করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে আমার।’ জ্যাকুলিন বলেন, ‘শুধুমাত্র ‘কিক’ ছবিটি নয়, এর মধ্যে আরও কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি।’ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে জ্যাকুলিন বলিউডের এগিয়ে চলা জনপ্রিয় নায়িকাদের কাতারে চলে আসবেন খুব শিগগির। ক্যাটরিনা, প্রিয়াঙ্কা, দীপিকাদের সামনে চ্যালেঞ্জ হওয়ার মতো সব যোগ্যতা অর্জন করেছেন তিনি ইতোমধ্যে। এখন শুধু সঠিক পদক্ষেপে এগিয়ে যেতে হবে তাকে।
