বেসরকারি চ্যানেল এনটিভিতে সম্প্র্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’। শিহাব শাহীনের মূল ভাবনায় নাটকটি যৌথভাবে লিখেছেন শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বি। শিহাব শাহীনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, মম, শাহরিয়ার শুভ, মৌটুসী, সাজু খাদেম, তানিয়া হোসেন, মৌসুমী হামিদ, নাঈম, মাসুম আজিজ, সুষমা সরকার, উজ্জ্বল, সাব্বির, শামসুল আলম বকুল, ফেরদৌসী লিনা, বকুল প্রমুখ। মূলত তিন জোড়া মানব-মানবীর ভালোবাসার গল্প। ঘটনা অথবা চরিত্রের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত এই তিনটি গল্প পাশাপাশি চলতে থাকে। চতুর্ভূজের তিন কোণে অবস্থিত তিনটি গল্পের মানুষগুলো আরও একটি সূত্রে পরস্পরের সাথে গাঁথা—নিয়তি অথবা ডেস্টিনি, যা চতুর্ভূজের অপর কোণে থেকে বদলে দেয়, দূরে ঠেলে দেয়, আবার কাছে নিয়ে আসে ভালোবাসার সূতোয় গাঁথা মানুষদের। নাটক প্রসঙ্গে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘এই নাটক দেখে দর্শকরা শুধু বিনোদন পাবেন, তা নয়। এর মধ্যে আছে বেশ কিছু মেসেজ। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’ প্রচারিত হয় প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে।
