টুকরো খবর

সিজেএফবি’র ১৪তম বর্ষপূর্তি উত্সব আগামীকাল

আপডেট : ০৫ জুন ২০১৩, ১৮:৫৫
দেশের প্রধান জাতীয় দৈনিক এবং টেলিভিশন মাধ্যমের সাংস্কৃতিক সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র ১৪তম বর্ষপূর্তি (১৯৯৯-২০১৩) উপলক্ষে ৭ জুন শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হোটেল দ্য ওয়েস্টিনের বলরুমে এক বর্ণাঢ্য উত্সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। বিশেষ অতিথি থাকবেন তথ্য সচিব মর্তুজা আহমেদ। অনুষ্ঠানে ১৪তম বর্ষপূর্তির উদ্বোধনী বক্তব্য দেবেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক গ্লোব সফট্ ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত হবেন অনুষ্ঠানের অফিসিয়াল ব্রডকাস্টার একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, আশিয়ান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাইফুল ইসলাম ভুঁইয়া, ইত্তেফাক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, ডায়মন্ড ওয়ার্ল্ড লাইফস্টাইলের এমডি দীলিপ কুমার আগারওয়ালা এবং ভাসাবী ফ্যাশন লিমিটেডের এমডি কামাল জামান। স্বাগত বক্তব্য রাখবেন সিজেএফবি’র সাধারণ সম্পাদক মো. মোর্শেদ নাসের এবং সভাপতিত্ব করবেন সিজেএফবি’র সভাপতি এনাম সরকার। শুভেচ্ছা বক্তব্য দেবেন সিজেএফবি’র উপদেষ্টা অনুরূপ আইচ, এম এস রানা এবং তামিম হাসান। বর্ণাঢ্য আয়োজনের এই অনুষ্ঠানে থাকছে সিজেএফবি পৃষ্ঠপোষকদের সম্মাননা প্রদান, কেক কাটা, দেশের জনপ্রিয় সেলিব্রেটিদের পারফর্মেন্স।