চট্টগ্রামের আবৃত্তি সংগঠনসমূহের বৃহত্ মোর্চা সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের উদ্যোগে কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং সুকান্ত ভট্টাচার্য জন্মবার্ষিক উপলক্ষে ‘রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী’ শিরোনামে আবৃত্তি অনুষ্ঠান গত ২৯ মে বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত আবৃত্তি জোট সভাপতি আবৃত্তিশিল্পী রণজিত্ রক্ষিত। অনুষ্ঠানে অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. গোলাম মোস্তফা। ধন্যবাদ জ্ঞাপন করেন জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।
শ্রাবণী দাশগুপ্তা এবং ফয়সাল আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের অঞ্চল চৌধুরী, মুক্তধ্বণি আবৃত্তি সংসদের মো. মছরুর হোসেন, নির্মাণ আবৃত্তি অঙ্গণের সমুদ্র টিটো, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠির ফাল্গুনী ঘোষ, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্রের এহতেশামুল হক, বর্ণ আবৃত্তি পাঠশালার মো. সাইদুল করিম সাজু, ত্রিস্বর আবৃত্তি সংঘের ফারহানা সালেহা, সূচয়ন ললিতকলা কেন্দ্রের কামনাশীষ চক্রবর্তী, ঐকতান পরিবারের বিজয় কুমার দে এবং রাউজান আবৃত্তি পরিষদের মো. ওমর ফারুক। বৃন্দ আবৃত্তিতে বোধন আবৃত্তি পরিষদ পরিবেশন করে সঞ্জয় পালের গ্রন্থনা ও নির্দেশনায় ‘আমাদের রবীন্দ্রনাথ’, প্রমা আবৃত্তি সংগঠন করে রাশেদ হাসানের গ্রন্থনা ও নির্দেশনায় ‘জয় নিপীড়িত জনগন জয়’, নরেণ আবৃত্তি একাডেমী আবৃত্তি করে সালমান ওয়ালীর গ্রন্থনা ও মিশফাক রাসেলের নির্দেশনায় ‘নবযুগের অভিযান’, উচ্চারক আবৃত্তি কুঞ্জ পরিবেশন করে ফারুক তাহেরের গ্র্রন্থনা ও নির্দেশনায় ‘যেদিন আমি হারিয়ে যাব’, ত্রিতরঙ্গ আবৃত্তি দল করে দেবাশীষ রুদ্রের গ্র্রন্থনা ও নির্দেশনায় ‘নব যৌবনের জয়গান’, তারুণ্যের উচ্ছ্বাস পরিবেশন করে হাসি সিদ্দিকীর গ্রন্থনা এবং মো. মুজাহিদুল ইসলামের নির্দেশনায় ‘আলোর পাখির গান’, মিলি চৌধুরীর গ্রন্থনা ও নির্দেশনায় শৈশব চট্টগ্রাম পরিবেশন করে ‘বিচিত্র সাধ’, শব্দনোঙর আবৃত্তি সংগঠন পরিবেশন করে হাসান জাহাঙ্গীরের নির্দেশনায় ‘কাণ্ডারী হুঁশিয়ার’, অঙ্গণ, চবি পরিবেশন করে দিলশাদ নাসরিনের নির্দেশনায় ‘দেবতার গ্রাস’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ তাজমুন মীরার গ্রন্থনা ও নির্দেশনায় আবৃত্তি করে ‘রবীন্দ্র কথন’।
