গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবাণী সংসদের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল বুধবার বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, কৃতি শিল্পী সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে সুরবাণী সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সংগঠনের শিল্পীরা ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এতে অংশ নেয়।
পরে সুরবাণীর নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত ‘অহংকারের ৫০ বছর’ শীর্ষক এক অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গোবিন্দলাল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কল্লে¬¬াল কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, দৈনিক মাধুকর সম্পাদক কেএম রেজাউল হক, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আব্দুস সালাম, সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ দাশ হিমুন প্রমুখ।
অনুষ্ঠানে তিন যুগেরও বেশি সময় ধরে সংগঠনের সাথে যুক্ত থেকে সংগীত, তবলা, দোতরা ও বংশীবাদনে বিশেষ অবদান রাখার জন্য বিশ্বনাথ মোদক, ভবেশ চন্দ্র মন্ডল, মুক্তিযোদ্ধা আলী মুনছুর, বিভূতি ভূষণ দাস, মকবুল হোসেনকে স্মারক ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও যন্ত্র সংগীত পরিবেশন করেন পূজা মোদক, প্রতিমা মণ্ডল, সাদিয়া সুলতানা, তাজুল ইসলাম সাকা, মাসুদ মেহেদী, জিয়াউর রহমান জিয়া, পারভেজ রহমান, ইলা আকতার, রিতা, জেসমিন আকতার মুক্তি, তুলসী সাহা, মাহমুদ সাগর মহব্বত, স্বাধীন রহমান, লাসেন আলী, শিক্ষার্থী শিল্পী তানিসা, সুব্হা, ফাহিম, সাবা, রাজষী, দেবাঙ্গনা, অনিরুদ্ধ, তাইহা, জয়, কাংখিতা, অর্পা, দিয়া, মেধা, টুম্পা, দিপা, তাসলিমা, জ্যোতি, তমালিকা ও মধুরিমা প্রমুখ। নৃত্য ও সংগীত পরিচালনা করেন তাজুল ইসলাম ও স্বপন সাহা।
