একটানা শুটিংয়ে অনন্ত-বর্ষা

আপডেট : ০৫ জুন ২০১৩, ২০:২৬
একটানা শুটিং চলছে এমএ জলিল অনন্তের ‘মোস্ট ওয়েলকাম টু’-এর সিক্যুয়েল। এবারের ছবিটি আগের ছবি থেকেও আরও বড় আয়োজনে তৈরি হচ্ছে বলে নির্মাতা সূত্রে জানান। এদিকে মান অভিমান নাটক শেষে অনন্ত-বর্ষার নতুনভাবে মিলনে কাছের মানুষেরাও বেজায় খুশি। কারণ শুটিং অনিশ্চয়তায় চলে যাচ্ছিল ছবিটির। তবে একটানা শুটিং শেষে খুব শিগগিরই ছবির গানের শুটিংয়ের কাজে পুরো ছবির ইউনিট দেশের বাইরে যাবেন বলে জানান ছবির পরিচালক ও নায়ক অনন্ত। এ ছাড়া অতি সম্প্রতি কান উত্সবে বাণিজ্যিকভাবে ‘মোস্ট ওয়েলকাম’ ছবিটির প্রদর্শনী উপলক্ষে চলচ্চিত্রের আলোচিত জুটি ঘুরে এসেছেন। সেখানকার অভিজ্ঞতা বেশ স্মরণীয় তাদের কাছে। নিজের নতুন চলচ্চিত্র প্রসঙ্গে অনন্ত বলেন, ‘আমি সবসময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। কারণ আমার দর্শকদের কাছেও আমার ছবির প্রতি প্রত্যাশা এখন অনেক। এ কারণে ছবিটির মূল গল্প নিয়ে আরও গবেষণা এবং প্রতিনিয়ত এর কারিগরি মান নিয়ে গবেষণা করা হচ্ছে।’ উল্লেখ্য, সর্বশেষ অনন্ত তার চলচ্চিত্র নিয়ে লন্ডনের বাণিজ্যিক হল থিয়েটারে প্রদর্শনী করেন। একই সাথে তার এই সিক্যুয়েল ছবিটি নিয়েও নতুনভাবে পরিকল্পনা করছেন বলে জানান তিনি। ছবির বিশেষ চরিত্রে জ্যাকি শ্রফ, বিপাশা বসুর অভিনয়ের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাজগুলো গুছিয়েই তাদের শুটিংয়ের কাজ শুরু হবে।’