৮ মাস আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন জিয়া খান

আপডেট : ০৫ জুন ২০১৩, ২০:২৬
বলিউডের প্রতিভাবান অভিনেত্রী জিয়া খান গত সোমবার রাতে নিজ বাসায় আত্মহত্যা করেন। জিয়া খানের এই আত্মহত্যা পুরো বলিউডকে থমকে দিয়েছে। পুলিশও একের পর এক তথ্য উদঘাটনে ব্যস্ত রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে ফিরিয়েও দিয়েছে পুলিশ। কিন্তু বেরিয়ে এসেছে নতুন নতুন সব তথ্য। জানা যায়, তার ঘরে আইয়ুর্বেদিকের ঘুমের ওষুধ পাওয়া গিয়েছে। প্রায় ৮ মাস আগেও নাকি জিয়া খান আত্মহত্যার চেষ্টা করেছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় নিজের হাতের কব্জিতে এলোপাথাড়ি ছুরি চালিয়ে রগ কাটার চেষ্টাও করেন। কিন্তু ক্ষণিকের মধ্যে পরিবারের অন্যরা বিষয়টি টের পেয়ে যাওয়ায় সেবারের মতো বেঁচে যান জিয়া খান। কিন্তু এবার মা ও বোন বাসায় থাকলেও টের পাননি কেউ। তবে পুলিশের কথায় তার মৃত্যুর মূল কারণ প্রেম। প্রেমিক সুরজ পাঞ্চালির সঙ্গে প্রেমের সম্পর্কেট বহুদিন ধরেই নানা ঝামেলা চলছিল। আর এই অস্থিরতাই তাকে একাধিকবার আত্মহত্যার দিকে ঠেলে দেয়। তবে সুরজ জানান, গত তিন বছর ধরে নতুন কোনো চলচ্চিত্রের অফার না পাওয়ার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন জিয়া খান।