সাসেক প্রকল্পে এডিবি’র সহজ শর্তে ঋণ

আপডেট : ০৫ জুন ২০১৩, ২০:৩২
‘দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সড়ক উন্নয়ন (সাসেক)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ১৯ কোটি ৮০ লাখ ডলারের সহজ ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ৫৮৪ কোটি টাকা। গতকাল বুধবার শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে সরকার ও এডিবি’র মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ ও এডিবি’র আবাসিক প্রতিনিধি তেরেসা খো স্বাক্ষর করেন। আট বছর রেয়াতকালসহ ৩২ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। রেয়াতকালে ১ শতাংশ পরবর্তীতে দেড় শতাংশ হারে এ ঋণের সুদ দিতে হবে। এ সময় ইআরডি সচিব বলেন, প্রকল্পটির মাধ্যমে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল-এলেঙ্গা ৭০ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করা হবে। বেনাপোল ও বুড়িমারি স্থল বন্দরের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এছাড়াও সড়ক ও জনপথ অধিদফতরের প্রাতিষ্ঠানিক শক্তিশালী করা হবে। তিনি বলেন, প্রকল্পটিতে প্রায় ৩৪ কোটি ৪৭ লাখ ডলার ব্যয় হবে। প্রকল্পটি বাস্তবায়নে এডিবি নিজস্ব অর্থায়নের পাশাপাশি তেল উত্পাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক ফাণ্ড থেকে ৩ কোটি ও আবুধাবী উন্নয়ন তহবিল থেকে আরো ৩ কোটি ডলারের ঋণের ব্যবস্থা করতে সহযোগিত করেছে।