পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ দেশটির হবু প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে এক গোপন চুক্তি করেছেন। এ চুক্তির ভিত্তিতে শিগগিরই দুবাই কিংবা সৌদি আরবে যাবেন মোশাররফ। এমন কথাই জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগ কায়েদে আজম (পিএমএল-কিউ)এর প্রেসিডেন্ট চৌধুরি শুজাত হোসেন। পাকিস্তানের দ্য ডেইলি টাইমস’ এ খবর দিয়েছে।—খবর বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের। সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় বর্তমানে গৃহবন্দি রয়েছেন মোশাররফ। এ ছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাসহ আরো কয়েকটি অভিযোগে মামলা রয়েছে।? দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দু’মাস আগে পাকিস্তানের সাধারণ নির্বাচনে অংশ নিতে দেশে ফিরেছিলেন মোশাররফ। সোমবার পার্লামেন্ট হাউজের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শুজাত গোপন চুক্তির ভিত্তিতে মোশাররফের দেশত্যাগের সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, দেশের নানা সমস্যা সমাধানের জন্য নওয়াজ শরীফের সামনে এটিই শেষ সুযোগ।
