মিসরে মার্কিন মন্ত্রীর ছেলেসহ ৪৩ এনজিওকর্মী দণ্ডিত

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:১০
মিসরে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার দায়ে বিদেশিসহ ৪৩ জন এনজিও কর্মীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। দণ্ডিতদের মধ্যে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রীর ছেলেও রয়েছেন। মঙ্গলবার কায়রোর একটি আদালতের বিচারক মাকরাম আওয়াদ এ রায় ঘোষণা করেন। দণ্ডিতদের অধিকাংশের অনুপস্থিতিতেই তাদের বিরুদ্ধে রায় ঘোষিত হয়। রায়ে মিসরে কার্যক্রম পরিচালনারত বেশ কয়েকটি এনজিও’র কার্যক্রম বন্ধ করে তাদের সব সম্পদ জব্দ করার নির্দেশ দেয়া হয়েছে। অভিযুক্ত ৪৩ জনের মধ্যে ২৭ জনকে তাদের অনুপস্থিতিতে সর্বোচ্চ পাঁচ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। অপর পাঁচজনের প্রত্যেককে দুই বছর ও অপর ১১ জনের প্রত্যেককে ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায় ঘোষণার সময় এক মার্কিন নাগরিকসহ আদালতে মাত্র পাঁচ অভিযুক্ত উপস্থিত ছিলেন। পাঁচ বছর কারাদণ্ডের শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৫ জন মার্কিন নাগরিক। এদের মধ্যে মার্কিন পরিবহন মন্ত্রী রে ল্যাহুডের ছেলে স্যাম ল্যাহুডও আছেন। দুই বছর কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে অপর এক মার্কিন নাগরিক রয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত থাকলেও আইনজীবীর পরামর্শে রায় ঘোষণার পর মিসর ছেড়ে যান। এই একই দণ্ড পাওয়াদের মধ্যে এক জার্মান নারীও রয়েছেন।