ইরানের গাড়ি এবং অর্থ খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে সোমবার একটি নির্বাহী আদেশ সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।—খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
এবার ইরানকে আরো একঘরে করতে নিষেধাজ্ঞার লক্ষ্য করা হয়েছে ইরানি মুদ্রাকেও। যেসব বিদেশি আর্থিক প্রতিষ্ঠান ইরানের মুদ্রা বেচাকেনা করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। এছাড়া, যেসব বৈদেশিক প্রতিষ্ঠান বড় অঙ্কের ইরানি মুদ্রা রিয়াল রাখবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা বলবত্ হবে। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার এ নবম নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ওবামা তেহরানের সঙ্গে গাড়ি বা অটো সেক্টরের সঙ্গে ব্যবসায় নিয়োজিতদের ওপরও নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন। এ খাত ইরানের রাজস্ব আয়ের সবচেয়ে বড় খাত বলেই জানাচ্ছে হোয়াইট হাউজ। ১ জুলাই থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
