মধুখালীতে গম ক্রয়ে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:২৮
ফরিদপুরের মধুখালীতে চলতি বছর সরকারিভাবে গম ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সরকারি নীতিমালা অনুযায়ী প্রকৃত কৃষকদের নিকট থেকে গম ক্রয়ের নিয়ম থাকলেও তা পালন করা হয়নি। সাড়ে ১১শ’ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা থাকা সত্ত্বেও মাত্র ৬০ ভাগ গম ক্রয় করা হয়েছে। এদিকে প্রদত্ত কৃষকদের তালিকা থেকে দেখা যায়, অনেক কৃষকের নাম দেয়া হয়েছে যারা মৃত। আবার তালিকায় যাদের নাম দেয়া হয়েছে তাদের অনেকেই ওই সংশ্লিষ্ট গ্রাম বা ইউনিয়নের বাসিন্দাই নয়। যেমন ১৮০ নম্বর ক্রমিকে অনিল পোদ্দার পিতা. অশোক পোদ্দার গ্রাম আড়ুয়াকান্দি দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে তিনি ওই গ্রামের বাসিন্দা নন। এ ছাড়া ১৬৮ থেকে ১৭৩ পর্যন্ত যে সমস্ত কৃষকের নাম দেখানো হয়েছে তাদের কেউই জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা নয়। এ ছাড়া ৩১৭ এবং ৩৪২ নম্বর ক্রমিকে একই ব্যক্তির নাম রয়েছে। এ রূপ অনিয়ম আর ত্রুটিপূর্ণ তালিকা দেখিয়ে গম ক্রয় করা হয়েছে। প্রকৃতপক্ষে উপজেলার কোন গম চাষির কাছ থেকে গম ক্রয় করা হয়নি। প্রকৃত চাষিদেরকে বঞ্চিত করা হয়েছে। এলাকার প্রকৃত গম চাষি আকরাম হোসেন মিয়া জানান, সরকারি দরে খাদ্য গুদাম কর্মকর্তা স্থানীয় কতিপয় ব্যবসায়ী ও প্রভাবশালীদের যোগসাজশে প্রকৃত কৃষকদের কাছ থেকে কোন গম ক্রয় করেননি। ফলে সরকারি মূল্য প্রাপ্তি থেকে কৃষকরা বঞ্চিত হচ্ছে। উপজেলার মথুরাপুরের গম চাষি আফছার মোল্লা জানান, আমাদের কাছ থেকে সরকারিভাবে কোন গম কেনা হয় না।