এশিয়ান চ্যাম্পিয়ন জাপান প্রথম দল হিসেবে আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়ায় দেশটিতে আনন্দের বান ডেকেছে।
গত মঙ্গলবার সাইটামা স্টেডিয়ামে অন্যতম শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে ১-১ গোলে ড্র করে স্বাগতিক জাপান। এই ড্রয়ের মাধ্যমে আয়োজক দেশ ব্রাজিলের পর জাপান বিশ্বকাপ আসরের মূল পর্বে নিজেদের নাম নিশ্চিত করে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া বৈরুতে স্বাগতিক লেবাননের সাথে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মূল পর্বের আরো কাছে পৌঁছে যায়।
প্লে মেকার কেইসুকি হোন্ডা শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে শুধু ড্রটিই নিশ্চিত করেননি, বীরে পরিণত হন জাপানবাসীর কাছে। সিএসকে মস্কোর এই খেলোয়াড় গতকাল জাপানের পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠায় বড় আকারে শিরোনাম হন। পত্রিকাগুলোয় জাপানের এই অর্জনকে গুরুত্ব দিয়ে ছাপে। টেলিভিশন চ্যানেলগুলোও ব্যাপক সময় দেয় এই অর্জনকে। খেলাটির পর পরই টোকিওতে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে বড় পর্দায় খেলা দেখা জাপানি সমর্থকরা ‘নিপ্পন, নিপ্পন’ বলে চিত্কার করে ওঠে।
এশিয়া অঞ্চলের বাছাই পর্বে ‘বি’ গ্রুপ থেকে সরাসরি ব্রাজিলের টিকিট পায় তারা। এদিকে এই গ্রুপের দল ওমান ১-০ গোলে ইরাককে হারিয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়স্থানে উঠে আসে। দক্ষিণ কোরিয়া ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। ছয় ম্যাচে ১১ পয়েন্ট পায় দক্ষিণ কোরিয়া। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তান। গোল ব্যবধানে এগিয়ে দক্ষিণ কোরিয়া। অস্ট্রেলিয়া বেশ চাপে রয়েছে।
কারণ চতুর্থ স্থানে থাকা জর্ডান এবং অস্ট্রেলিয়ার সমান সাত পয়েন্ট। দুইটি গ্রুপ থেকে সেরা চারটি দল বিশ্বকাপ আসরের মূল পর্বে সরাসরি খেলার সুযোগ পাবে।
ইরান ‘এ’ গ্রুপে ১-০ গোলে কাতারকে হারিয়ে আশা জিইয়ে রেখেছে ভালভাবেই। তৃতীয় স্থানে রয়েছে তারা দশ পয়েন্ট নিয়ে; কিন্তু এই হারে ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতারের সম্ভাবনা শেষ হয়ে যায়। দুইটি গ্রুপের তৃতীয় স্থান অধিকার করা দলও সুযোগ পেতে পারে ২০১৪ বিশ্বকাপে। অবশ্য সে জন্য প্লে অফ খেলতে হবে তাদের।
হোন্ডা গত সোমবার জাপানে এসে পৌঁছান। এর আগে তিনি রাশিয়ান কাপে সিএসকেএ মস্কোকে জয় এনে দিতে সহায়তা করেছিলেন। তিনি বলেন, ‘এটা লজ্জার, আমরা জয় তুলে নিতে পারিনি; কিন্তু আমি খুশি কারণ আমরা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি।’
