শিশুদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না এমন বিধান রেখে শিশু আইন-২০১৩ বিলের রিপোর্ট চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩২তম বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়। সংসদের চলতি অধিবেশনে বিলটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।
কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আবদুল মোমিন তালুকদার, মো. আব্দুল মজিদ খান, নুরুন্নবী চৌধুরী, এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ এবং অপু উকিল অংশ নেন। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব সুরাইয়া বেগম এনডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার বন্ধ করতে গত ২২ মে কমিটির বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেন অপু উকিল। প্রস্তাবে তিনি বলেন, শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করার কারণে তাদের ভবিষ্যত্ নষ্ট হচ্ছে। তাই শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে সংম্পৃক্ত করা বন্ধ করতে বিধান রাখতে হবে। তিনি প্রস্তাবিত আইনে এই বিষয়টি সংযোজন করার প্রস্তাব করেন।
বৈঠকে এতিমখানা ও মাদ্রাসার শিশুদের অপব্যবহার বন্ধ করার প্রস্তাব দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। তিনি প্রস্তাবে বলেন, এতিমখানার শিশুরা রাজনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন ক্ষেত্রে অপব্যবহারের শিকার হচ্ছে। তাই কোনভাবেই যেন তাদের কেউ অপব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে এমন বিধান আইনে সংযোজন জরুরি। গতকালের বৈঠকে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের প্রস্তাবগুলো বিলে অন্তর্ভুক্ত করে রিপোর্ট চূড়ান্ত করা হয়।
এদিকে বৈঠকে কমিটির পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘ শিশু অধিকার সনদের বিধানাবলী বাস্তবায়নের লক্ষ্যে বৈষম্যহীন শিশুর সার্বিক সুরক্ষা, যত্ন-পরিচর্যা, অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়ন বিকাশের মাধ্যমে দেশ ও জাতি গঠনের কারিগর হিসেবে গড়ে তোলা জরুরি। এই উদ্দেশ্যে ‘শিশু আইন-১৯৭৪’ রহিত করে ‘শিশু আইন-২০১৩’ একটি নতুন আইন প্রণয়ন প্রয়োজন বলে মতামত দেয় কমিটি।
