আলীমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীর জবানবন্দি

আপডেট : ০৫ জুন ২০১৩, ২১:৪৬
বিএনপি’র সাবেক নেতা আবদুল আলীমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২২তম সাক্ষী মুতাসিম বিল্লাহ। গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ দেয়া জবানবন্দিতে তিনি বলেন, ১৯৭১ সালে আমার বয়স ছিল ৩৭ থেকে ৩৮ বছর। একাত্তরের জুন মাসের শেষদিকে আলীম সকাল ১০টার দিকে আমার স্টুডিওতে এসে বলেন, ২৬ জন দুষ্কৃতকারী আটক হয়েছে। তাদের ছবি তুলতে হবে। পরে আমি ক্যামেরা নিয়ে জয়পুরহাট রেলস্টেশনে পৌঁছাই। স্টেশনে নেমে পশ্চিম দিকের খোলা জায়গায় পৌঁছে দেখি ২৬ জন যুবক হাত বাঁধা অবস্থায় বসে আছে। আমি তাদের ছবি তুলছিলাম। এ সময় তাদের সঙ্গে লাইনে আবদুল আলীম ও মেজর আফজাল ছিলেন। পরদিন আলীম স্টুডিওতে গিয়ে নেগেটিভসহ ছবিগুলো নিয়ে যায়। পরে দেশ স্বাধীন হলে সেই সময়ে আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন সরদারকে আমার কাছে থাকা এক কপি ছবি দেই। সেই ছবিটি পরবর্তীতে শাহরিয়ার কবিরের ‘একাত্তরের ঘাতক দালালেরা কে কোথায়’ বইতে ছাপা হয়। জবানবন্দি শেষে জেরার জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এদিকে, মুজাহিদের আইনজীবী মুন্সি আহসান কবিরকে শারীরিকভাবে নির্যাতন ও হুমকি দেয়ার বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী জহির উদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালালকে ১৮ জুন পর্যন্ত সময় দেয়া হয়েছে। গতকাল ট্রাইব্যুনালে তার আইনজীবী মো. মহসিন রশিদ সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করে। সালাহউদ্দিন কাদেরের মামলায় জেরা চলছে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপি’র বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তা (আইও) নুরুল ইসলামকে জেরা অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ তাকে জেরা করেন সালাহউদ্দিন কাদেরের আইনজীবী আহসানুল হক হেনা। গতকাল তদন্ত কর্মকর্তাকে তার জব্দ করা ডকুমেন্টের বিষয়ে জেরা করা হয়। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এদিকে, একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী মো. তফাজ্জল হোসেনকে জেরা শেষ করেছে আসামি পক্ষ। জেরা শেষে মামলার কার্যক্রম ৯ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে।