রাজধানীর মোহাম্মদপুর থেকে জ্যোতি রহমান নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কাটাসুরের ২১ নম্বর বাড়িতে বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার এসআই শামসুল হক জানান, নিহত ছাত্রীটি নানা বাড়িতে থেকে লেখাপড়া করতো। মঙ্গলবার রাত ১০টার দিকে কোচিং শেষে বাসায় ফেরে। রাত করে বাসায় ফেরার জন্য নানা মিজানুর রহমান তাকে শাসন করেন। এরপর সে স্বাভাবিকভাবে রাতের খাবার শেষে ঘুমাতে যায়। ভোরে তার রুমে গিয়ে ডাকাডাকি করলে তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের বাবার নাম আবদুল হান্নান। মা স্বপ্না বেগম একজন বাক-প্রতিবন্ধী। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইহাস গ্রামে। সে ধানমন্ডির শঙ্করের আলী হোসেন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল।
