হেফাজতে ইসলামের সমর্থন আদায়ে তিন মেয়র প্রার্থী গত মঙ্গলবার একসঙ্গে মাহামুদিয়া মাদ্রাসায় হাজির হন। সেখানে তাকমীলে দরসে বুখারী ১৪৩৩-৩৪ হিজরি শিক্ষাবর্ষের বুখারী শরীফের সমাপনী দরস প্রদান অনুষ্ঠানে যোগদিতে প্রধান অতিথি হিসেবে শায়খুল হাদিস আল্লামা শায়খ আহমদ দা.বা. এসেছিলেন। নগরজুড়ে খবর রটে যায় চট্টগ্রাম থেকে হেফাজতের শীর্ষ নেতা মাহামুদিয়া মাদ্রাসায় এসেছেন। তার সমর্থন আদায়ে সেখানে মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন, স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক খান মামুন ও জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামাল উপস্থিত হন। তিন মেয়র প্রার্থীকে দেখে বিব্রত বোধ করেন মাদ্রাসার আলেম-ওলামারা। এক পর্যায়ে প্রধান অতিথি শায়খুল হাদিস আল্লামা শায়খ আহমদ দা.বা. সকল প্রার্থীকে দোয়া করার জন্য হেফাজতে ইসলামের স্থানীয় আমীর অধ্যক্ষ ওবায়দুর রহমান মাহবুবকে আহ্বান জানান। তিনি তিন মেয়র প্রার্থীর জন্য দোয়া কামনা করেন।
