প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখা বেআইনিভাবে ১০ লাখ গ্রাহকের হিসাব থেকে ২৩ কোটি টাকা কেটে রাখার প্রমাণ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইভাবে সার্ভিস চার্জের নামে ব্যাংক এশিয়ার টঙ্গী শাখায় তিনজন গ্রাহক থেকে ২০ হাজার টাকা কাটা হয়েছে। অবৈধভাবে এ টাকা কেটে রাখায় স্ব স্ব অ্যাকাউন্টে অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের আলাদা-আলাদা পরিদর্শনে এসব তথ্য পাওয়া গেছে। অন্যান্য ব্যাংকও এ ধরনের অনৈতিক কাজ করছে কি না সে বিষয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দিয়েছেন গভর্নর।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গভর্নরের নির্দেশের পর গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্ট্রিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস (এফআইসিএস) বিভাগ থেকে ব্যাংক পরিদর্শন বিভাগ ১, ২, ৩ ও ৪-এ চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সার্ভিস চার্জের নামে গ্রাহক থেকে যেভাবে অতিরিক্ত অর্থ কর্তন করা হচ্ছে তা উদ্বেগজনক। প্রাইম ব্যাংক ও ব্যাংক এশিয়ার মতো অন্য ব্যাংকগুলো এভাবে অবৈধ চার্জ আদায় করছে কিনা তা তদারক করা প্রয়োজন। এমন প্রেক্ষাপটে ব্যাংক পরিদর্শন সংশ্লিষ্ট বিভাগগুলোর নিয়মিত পরিদর্শনের পাশাপাশি বিষয়টি আলাদাভাবে ক্ষতিয়ে দেখা দরকার। আর পরিদর্শনে পাওয়া এ সংক্রান্ত সব তথ্য এফআইসিএস বিভাগে পাঠাতে বলা হয়েছে।
প্রাইম ব্যাংকের বিভিন্ন শাখায় পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক দেখেছে সব ধরনের অ্যাকাউন্ট থেকে সার্ভিস চার্জ বাবদ ২০০ টাকা এবং ভ্যাট বাবদ ৩০ টাকা কেটে রাখা হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের এক পরিদর্শনে ব্যাংক এশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত চার্জ কাটার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে সঞ্চয়ী হিসাবে দৈনিক স্থিতির ওপর সুদ আরোপ না করে সর্বনিম্ন স্থিতির ওপর সুদ আরোপ করে গ্রাহক ঠকাচ্ছে বেশ কয়েকটি ব্যাংক।
