আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ আবারো তৃতীয় শক্তি মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে দাবি করে বলেছেন, দেশে শুধু যে বিরোধী দলই ষড়যন্ত্র করছে তা নয়, ওয়ান ইলেভেনের কুশীলবরা ফের সক্রিয় হয়ে উঠেছেন। দুই নেত্রীর কাছে দেশ নিরাপদ নয় এমন অযৌক্তিক কথা বলে তারা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। গতকাল বুধবার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমকালীন রাজনীতি-রাজনীতির ভবিষ্যত্ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাহবুব-উল-আলম হানিফ বলেন, জনগণ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে ৫ বছরের জন্য সমর্থন দিয়েছেন। গণভোটের প্রয়োজন নেই। ওয়ান ইলেভেনের কুশীলবরা জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদেরকে এই বিভ্রান্তিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান হানিফ।
সংগঠনের সভাপতি তারানা হালিম এমপির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী এড. কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, কবি রবীন্দ্র গোপ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
