রিজভীসহ বিএনপির তিন নেতাকে গ্রেফতার না করার নির্দেশ

আপডেট : ০৫ জুন ২০১৩, ২২:৩৮
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের তিন নেতাকে যথাযথ আইনি প্রক্রিয়া ব্যতীত গ্রেফতার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ বুধবার এ আদেশ দেন। অপর দুই নেতা হলেন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদ হোসেন। ইতিপূর্বে কয়েকটি মামলায় জামিন পেলেও বিএনপির নেতাদেরকে অন্য মামলায় কারাফটক থেকে গ্রেফতার দেখানো হয়েছে। গত মে মাসে এই তিন নেতা হাইকোর্ট থেকে তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা থেকে জামিন পেয়েছেন। ইতিমধ্যে বিএনপির এই তিন নেতা সকল মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। তারা আশংকা করছেন পুনরায় কারামুক্তির পর কারাফটক থেকে অন্য মামলায় গ্রেফতার করা হতে পারে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে অন্য মামলায় গ্রেফতার দেখাতে না পারে সেজন্য হাইকোর্টে এ নির্দেশনা চেয়ে পৃথক পৃথক রিট আবেদন দায়ের করেন তারা। তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি, ব্যারিস্টার এম বদরুদ্দোজ্জা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এডভোকেট বিশ্বজিত রায়। শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন।