দীর্ঘ আট মাস পর গতকাল বুধবার বিকালে গুগলের ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস ইত্তেফাককে বলেছেন, গেটওয়েগুলোকে ইউটিউব খুলে দেয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিকাল ৪টার দিকে তাদের এ ব্যাপারে ই-মেইল পাঠানো হয়েছে। এখন থেকে যে কেউ আগের মতোই বাংলাদেশ থেকে ইউটিউব ব্রাউজ করতে পারবেন।
মহানবী হযরত মুহাম্মদকে (সা.) কটাক্ষ করে তৈরি করা ডক্যুমেন্টারি ‘ইনোসেন্স অব মুসলিমস’ ইউটিউব থেকে না সরানোয় গত বছরের ১৭ সেপ্টেম্বর রাতে বিটিআরসি বাংলাদেশ থেকে ওই ওয়েবসাইটটিতে প্রবেশের সুযোগ বন্ধ করে দিয়েছিল। সে সময় বিটিআরসি জানিয়েছিল সরকার থেকে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাংলাদেশে ইউটিউব দেখা যাবে না। সরকারের নির্দেশে বিটিআরসি গুগলকে প্রথমে চিঠি দিয়ে চলচ্চিত্রটি সরিয়ে ফেলার অনুরোধ জানিয়েছিল। এতে কাজ না হওয়ায় বিটিআরসি ইউটিউব বন্ধ করে দেয়।
ইউটিউব খুলে দেয়া হলো। কিন্তু বিতর্কিত ওই চলচ্চিত্রটি ইউটিউব থেকে সরানো হয়েছে কি না—এ ব্যাপারে বিটিআরসি চেয়ারম্যান বলেন, এ বিষয়ে গুগল কর্তৃপক্ষের সঙ্গে এখনো আলোচনা চলছে। তবে বাংলাদেশে ইউটিউবের মাধ্যমে কেউ ওই বিতর্কিত চলচ্চিত্রটি দেখতে চাইলে তাকে একটি স্বয়ংক্রিয় সতর্ক বার্তা দেয়া হবে, যাতে এই ভিডিওটি কেউ না দেখে। তারপরও কেউ যদি দেখে তবে সংশ্লিষ্ট দফতরে একটি বার্তা চলে যাবে। তাতে বোঝা যাবে কারা এটি দেখছেন।
প্রসঙ্গত গত বছর ২৩ জুন যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ‘ইনোসেন্স অব মুসলিমস’ চলচ্চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ শুরু হয়। সহিংস বিক্ষোভে নিহতও হন বেশ কয়েকজন। এরপর পাকিস্তানসহ বিভিন্ন দেশে ইউটিউব বন্ধ করে দেয়ার পর বাংলাদেশ সরকারও একই পদক্ষেপ নেয়।
