আগামী ২০ নভেম্বর থেকে পঞ্চম শ্রেণীর ‘প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী’ পরীক্ষা শুরু হবে। ২৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা হবে। এবারের পরীক্ষায় অংশ নেবে ৩০ লাখ শিক্ষার্থী।
গতকাল বুধবার সচিবালয়ে সমাপনী পরীক্ষা-২০১৩ এর জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে জানানো হয়, এবার প্রাথমিক সমাপনীতে সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫ জন। আর ইবতেদায়ীতে ৩ লাখ ২০ হাজার ৪৫৫ জন। এক উপজেলার উত্তরপত্র অন্য উপজেলায় পাঠিয়ে মূল্যায়ন করা হবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন সাংবাদিকদের জানান, পরীক্ষা শেষে ২৬ ডিসেম্বর সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। সেক্ষেত্রে ৩১ ডিসেম্বর শিক্ষার্থীরা নম্বরপত্র পাবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সচিব কাজী আখতার হোসেন, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ স্টিয়ারিং কমিটির সভায় উপস্থিত ছিলেন।
প্রাথমিক শিক্ষা সমাপনী সূচি
২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৭ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান এবং ২৮ নভেম্বর ধর্ম।
ইবতেদায়ী শিক্ষা সমাপনী সূচি
২০ নভেম্বর গণিত, ২১ নভেম্বর বাংলা, ২৪ নভেম্বর ইংরেজি, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ/পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৭ নভেম্বর আরবি এবং ২৮ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্।
