দিনাজপুরে পরিবহন ধর্মঘটে বিপাকে লিচু ব্যবসায়ীরা

আপডেট : ০৫ জুন ২০১৩, ২২:৩৯
১৪ দফা দাবিতে রংপুর বিভাগের ৮ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘটের প্রথম দিন অতিবাহিত হয়েছে। ধর্মঘটের ফলে লিচু ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। স্বাভাবিক জীবনযাত্রাও পরিবহন ধর্মঘটের কারণে বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির ডাকে শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ ১৪ দফা দাবিতে দিনাজপুরসহ রংপুর বিভাগের ৮ জেলায় গতকাল বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ফলে ঢাকাগামী দিবা ও নৈশকোচ, বাস, মিনিবাস, মাইক্রোবাস, ট্রাক, ট্যাংকলরিসহ বেসরকারি সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পরিবহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরিবহন ধর্মঘটের কারণে দিনাজপুরের লিচু বাগান মালিক ও ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এমনিতে তীব্র গরমে লিচু রাখা যাচ্ছে না। অন্য দিনের তুলনায় পরিবহন ধর্মঘটের কারণে লিচুর মূল্য অনেক কমে গেছে। দিনাজপুরের সবচেয়ে বড় লিচুর বাজার কালিতলা ফল মার্কেটে লিচু ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। ভালো জাতের লিচু যেখানে স্বাভাবিক অবস্থায় প্রতি শ’ ২০০ টাকা থেকে ২৫০ টাকা দরে বিক্রি হতো, পরিবহন ধর্মঘটের ফলে তার মূল্য কমে ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আম ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।