হালাল খাবার সরবরাহ ও মুসলমানদের হয়রানি বন্ধের দাবি

আপডেট : ০৫ জুন ২০১৩, ২২:৪০
শিক্ষা প্রতিষ্ঠানে ঈদের ছুটি ঘোষণা ও হালাল খাবার সরবরাহ এবং মুসলিম আমেরিকান এডভাইজারি কাউন্সিল প্রতিষ্ঠাসহ মুসলমানদের হয়রানি বন্ধের দাবি উত্থাপনের মধ্য দিয়ে স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে পালিত হলো আমেরিকান-বাংলাদেশি ‘লবি ডে’। নিউইয়র্ক রাজ্যের ৫৭ জন অ্যাসেম্বলিম্যান এবং ২৩ জন সিনেটরের কাছে এসব দাবি তুলে ধরা হয়। এসব দাবি বিল আকারে উত্থাপন এবং বিল পাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজ্যের অ্যাসেম্বলিম্যান ও সিনেটররা। নিউইয়র্ক সিটিতে প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস, যাদের ৯৫ ভাগই মুসলমান। এসব প্রবাসীর সন্তানেরা নিউইয়র্ক সিটির স্কুলে পড়াশোনা করে। প্রতিটি স্কুলে সিটি কর্তৃপক্ষ বিনামূল্যে খাবার সরবরাহ করলেও হালাল না হওয়ায় তারা এসব খাবার খেতে পারছে না। এমনকি মুসলমানদের বড় দুই প্রধান ধর্মীয় উত্সব ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনেও স্কুল খোলা থাকছে। ফলে ঈদের দিনেও স্কুলে যেতে হয় তাদের। অন্যদিকে নিউইয়র্ক সিটিতে আইন প্রয়োগকারী সংস্থার হাতে বিভিন্ন সময় মুসলমানেরা হয়রানির শিকার হচ্ছেন। কখনো কখনো পড়ছেন পুলিশের বিশেষ নজরদারিতে। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিরা এসব হয়রানি বন্ধসহ তাদের বিভিন্ন দাবি-দাওয়ার কথা জানিয়ে আসলেও নিউইয়র্ক রাজ্যে এ ব্যাপারে সুনির্দিষ্ট আইন না থাকায় তা বাস্তবায়িত হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপ ইন্্ক নামে একটি সংগঠন দ্বিতীয় বারের মত মঙ্গলবার নিউইয়র্কে দিনব্যাপী লবি ডে’র আয়োজন করে। এতে বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মের একাধিক প্রতিনিধিসহ শতাধিক পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তি ১৫টি গ্রুপে ভাগ হয়ে আ্যাাসেম্বলিম্যান ও সিনেটরদের সঙ্গে আলোচনায় মিলিত হন এবং দাবি-দাওয়া তুলে ধরেন। বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপ ইন্্ক’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল ভুঁইয়ার নেতৃত্বে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশি আমেরিকান ডেন্টাল এসোসিয়েশন অব নর্থ আমেরিকার সভাপতি ডা. মোহাম্মদ এ.বিল্লাহ, রাজনীতিক মোর্শেদ আলম, বাংলাদেশ সোসাইটি ইন্্ক নিউইয়র্কের সাবেক সভাপতি মুজিব-উর রহমান, সংগঠনের কর্মকর্তাদের মধ্যে উপদেষ্টা সালেহ আহমেদ, শামসুল ইসলাম, আবুল কালাম, ব্যবসায়ী আব্দুল আজিজ প্রমুখ।