গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে গতকাল বুধবার পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে সংরক্ষিত ওয়ার্ডে ৮০ জন মহিলা ও সাধারণ ওয়ার্ডে ৩০১ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মেয়র পদে জাতীয় পার্টি (এ) সমর্থিত ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী মাহমুদ হাসান, সচেতন নাগরিক পরিষদের ডাঃ নাজিম উদ্দিন আহমেদ ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন সরকার রুবেল মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোঃ মতিয়ার রহমান।
এদিকে গতকাল বিকাল পাঁচটা পর্যন্ত মেয়র, সংরক্ষিত মহিলা ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৬৯৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদে একজন মহিলাসহ ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ১৪ দলীয় মহাজোটের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান, বিএনপি সমর্থিত দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার, জেলা বিএনপির সাহিত্য বিষয়ক সম্পাদক শওকত হোসেন সরকার, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের জেলা আহ্বায়ক মেজবাহ উদ্দিন সরকার রুবেল, জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী মাহমুদ হাসান, সচেতন নাগরিক পরিষদের ডা. নাজিম উদ্দিন আহমেদ, সম্মিলিত ইসলামী ফোরামের নেতা মো. ফজলুর রহমান, মোঃ আমান উল্লাহ, রীনা সুলতানা ও আল আমীন।
এদিকে সচেতন নাগরিক পরিষদের ব্যানারে মেয়র পদে ডাঃ নাজিম উদ্দিন আহমেদ গতকাল বুধবার বিকালে গাজীপুর প্রেসক্লাবে আহুত এক সংবাদ সম্মেলনে তার প্রার্থিতা ঘোষণা করেন।
