চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীরা এক মতবিনিময় সভায় অভিযোগ করেছেন, সরকারের উদাসীনতা ও অবহেলার কারণে দেশের অন্যতম বৃহত্ পাইকারি বাজার চাকতাই-খাতুনগঞ্জে ব্যবসা-বাণিজ্যে চরম মন্দাভাব চলছে। এলাকার অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পুঁজি সংকটে পড়েছে। নালা-নর্দমা সংস্কার না করায় ময়লা আবর্জনা জমে এলাকায় অসহনীয় পরিবেশ বিরাজ করছে। গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তারা এসব অভিযোগ করেন। চাকতাই শিশু শিক্ষা নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, পরিচালক ছৈয়দ ছগীর আহমদ, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর প্রমুখ। অনুষ্ঠান শেষে দুস্থ পুরুষ ও মহিলাদের মাঝে রিকশা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
