রাজশাহী মহানগরীর বাসা-বাড়িতে বহুল প্রত্যাশিত পাইপ লাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সংযোগ আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনজুর আজ নগরীর সাহেব বাজার এলাকায় বিশিষ্ট ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জির বাসায় গ্যাস সংযোগ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। প্রাথমিক পর্যায়ে সীমিত আকারে এবং পর্যায়ক্রমে সকল আবেদনকারী গ্যাসসংযোগ পাবেন। গতকাল বুধবার পর্যন্ত প্রায় সাড়ে ৭ হাজার গ্রাহক ব্যাংকের মাধ্যমে গ্যাস সংযোগ প্রাপ্তির জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০১১ সালের ৩১ জানুয়ারি পাইপলাইনে রাজশাহী ডিপোতে প্রাকৃতিক গ্যাস এসেছে। ইতোমধ্যে নগরীর বিসিক শিল্প এলাকার কলকারখানায় গ্যাস সংযোগ দেয়া হয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় নগরীর বাসা-বাড়িতে গ্যাস সংযোগের বিষয়টি আটকে ছিল। পরে গত ১৮ এপ্রিল এক সমাবেশে প্রধানমন্ত্রী রাজশাহী মহানগরীর বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার নির্দেশ দেন।
