বগুড়ার শেরপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলার বিশালপুর ইউনিয়নের সিরাজনগর দক্ষিণপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের স্বামী শ্রী উজ্জ্বল সরকার (৩০), তার স্ত্রী সাবিত্রী বালা (২৫) এবং পার্শ্ববর্তী তাড়াশ উপজেলার খোদবাড়িয়া গ্রামের শ্রী সুখি চন্দ্র সরকার (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার উজ্জ্বল সরকারের বাড়িতে মিস্ত্রি সুখি চন্দ্র সরকার নলকূপ বসানোর কাজ করছিলেন। এ সময় হঠাত্ করেই নলকূপের পাইপ বিদ্যুতের তার স্পর্শ করলে বৃষ্টির পানিতে পাইপ ভেজা থাকায় পুরো বাড়িটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মিস্ত্রি সুখি চন্দ্র প্রথমে এবং তাকে উদ্ধার করতে গিয়ে বাড়ির মালিক উজ্জ্বল সরকার ও পরবর্তীতে সাবিত্রী বালা ঘটনাস্থলে মারা যান।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
